'অনুভব'-এর কর্মকাণ্ড সারা বছরই চলে
New Post has been published on https://sentoornetwork.com/anubhab-works-for-people/
'অনুভব'-এর কর্মকাণ্ড সারা বছরই চলে
শৌভিক চৌধুরী
অনুভব একটা অনুভুতি- একটা অঙ্গীকার – কিছু মানুষের ভাল কিছু করার অদম্য জেদ আর চেষ্টা। ২০০৯ সালে মাত্র কয়েকজন মিলে শুরু হয় এই পথ চলা, তারপর ক্রমে ক্রমে অনেকেই এগিয়ে আসেন। যা কিছু করা সেটা সম্পূর্ণই মনের তাগিদে, মনের আনন্দে, ভালবেসে অসহায় মানুষের পাশে থাকার ইচ্ছা থেকেই শুরু। অনুভব একটি চ্যারিটেবল ট্রাস্ট এবং আজ এর পরিচিতি ক্রমশ বেড়ে চলেছে। সদস্যদের নিজেদের অর্থ ও কিছু সহৃদয় মানুষের আর্থিক সাহায্যই এদের একমাত্র সম্বল। তবে সেই সামান্য সামর্থ্য নিয়েই অনুভব আজ অনেকটা পথ পেরিয়েছে। অনুভবের মূল মন্ত্র ‘কাজ করবো আমরা – পাশে থাকবেন আপনারা’।
সারাবছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এরা সমাজের অসুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়। বছরে একবার থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চাদের রক্তের জোগান দিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ২০১৪ সাল থেকে হুগলি জেলায় অবস্থিত শান্তিধাম আশ্রমের আবাসিক বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে আসছে এরা। তাদের জামাকাপড় , বিছানাপত্র, বইখাতা আর আশ্রমের জন্য সিসিটিভি ক্যামেরাও দেওয়া হয়েছে। এছাড়াও বৃদ্ধাশ্রমে ফ্রিজ, বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল, অটিস্টিক বাচ্চাদের উপযোগী প্রয়োজনীয় জিনিসপত্র , আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী বাচ্চাদের কম্পিউটার দেওয়া হয় প্রতি বছর। প্রতি বছর পুজোর আগে প্রায় ২০০ বাচ্চাকে জামাকাপড় উপহার স্বরূপ হাতে তুলে দেওয়া হয়। প্রতি বছর ২৪ ডিসেম্বর রাতে কলকাতার বিভিন্ন অলিগলিতে রাত কাটানো অসহায় মানুষদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয় আর এই কাজটা মহিলা, পুরুষ, বাচ্চা নির্বিশেষে সদস্যরা সম্পূর্ণ পায়ে হেঁটে করে। সারারাত ধরে এই বিতরণ চলতে থাকে। বর্তমান কঠিন পরিস্থিতিতে অনুভব গত দেড় মাসে বিভিন্ন দিনে প্রায় ১৫০০ অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছে। অনুভবের কাজের স্বীকৃতি স্বরূপ All India Human Right Organisation এ-বছর তাদের হাতে বিশেষ স্মারক তুলে দিয়েছে। অনুভব এভাবেই ভাল কাজ করে যাবে যদি সবাই এদের পাশে থাকে ।
“কাজ করবো আমরা আর পাশে থাকবেন আপনারা”
ছবি: গুগল
আরও পড়ুন: ১৪জন পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, শোকাহত প্রধানমন্ত্রী


















