বিশেষ সংবাদদাতা : ১১ বছর আগে গোলাপি শহর জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণে ৭১ জনের মৃত্যু হয়। অাহত হন ১৮৫ জন। নাশকতার দায়ে অভিযুক্ত চারজনকে ফাঁসির সাজা দিয়েছে বিশেষ আদালত। জয়পুর জেলা আদালতের বিচারক অজয়কুমার শর্মা শুক্রবার এই রায় ঘোষণা করেন। ২০০৮ সালের ১৩ মে সন্ধ্যায় এই নাশকতা ঘটানো হয় পরিকল্পনা করে। চার আসামিকে বুধবার দোষী সাব্যস্ত করা হয়।
ঘটনার দিন সন্ধ্যা সওয়া ৭টায় হনুমান মন্দিরে প্রথম বিস্ফোরণ ঘটে। বহু পুণ্যার্থীরা হতাহত হন। এরপর জোহরি বাজার, হাওয়া মহল, বড়ি চৌপড়, ত্রিপোলিয়া বাজার ও চাঁদপোলে একের পর এক বিস্ফোরণ ঘটানো হয়। সাইকেল থেকেও বিস্ফোরক মেলে।
সাজাপ্রাপ্ত চারজনের বাড়ি উত্তরপ্রদেশের আজমগড়ে। মহম্মদ সইফ ৩২, মহম্মদ সরওয়ার আজমি ওরফে রাজহংস যাদব ৩৪, সইফুর রহমান আনসারি ৩২, মহম্মদ সলমন ২৬ -কে সাজা দেওয়ার পর তাদের আইনজীবী জানান রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন।