স্কুলছাত্রী চৈতির নিহতের প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ
বরিশালে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলছাত্রী চৈতির মৃত্যুর প্রতিবাদে এবং দায়ী অটোরিকশাচালকের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর রোড-নতুনবাজার-নতুল্লাবাদ সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় নতুনবাজার, বিএম কলেজ ও নতুল্লাবাদ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, দায়ী অটোরিকশাচালককে দ্রুত গ্রেপ্তার করা হবে। পাশাপাশি নগরীতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। পরে প্রশাসক নিজে বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চৈতি স্কুলের সামনে সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, নগরীর ওই সড়কে এর আগেও একই ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, শিক্ষার্থীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছিল। পরে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেন। চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














