ইনস্টাগ্রামের নতুন চমক ‘কলেজ কমিউনিটি’
সাইদুর রহমান
ছবি: এএফপি
কেমন হতো, যদি কলেজের নাম অথবা অধ্যয়নবর্ষ যোগ করেই ক্লাসের সব বন্ধুদের খুঁজে পাওয়া যেত এক প্ল্যাটফর্মে, অথবা এক ক্লিকেই যে কোন তথ্য শেয়ার করা যেত ক্লাসের সকল বন্ধুদের মাঝে? শুনতে ফেসবুকের খানিকটা আমেজ পাওয়া গেলেও আদতে ব্যবহারকারীদের জন্য নতুন এই ফিচার উন্মুক্ত করতে যাচ্ছে ইনস্টাগ্রাম, খবর সিএনবিসির।
উঠতি বয়সী তরুণ-তরুণীদের আকৃষ্ট করতে গতবছর থেকেই আটঘাঁট বেঁধে মাঠে নেমেছে ইনস্টাগ্রাম। নিজেদের প্ল্যাটফর্ম নিয়ে ব্যবহারকারীদের কোন খামতি যাতে না থাকে সেজন্য একের পর এক চমক দিয়েই চলছে ফেসবুকের আওতাধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভীড়েও নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে ইতোমধ্যেই ‘মাই স্টোরিজ’ এবং ‘আইজিটিভি’-র মতো নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে ইনস্টাগ্রাম। এরই ধারাবাহিকতায় এবার ইনস্টাগ্রামে যুক্ত হতে যাচ্ছে ‘কলেজ কমিউনিটি’।
‘কলেজ কমিউনিটি’-র মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে কলেজের নাম এবং অধ্যয়নবর্ষ যোগ করলেই পাচ্ছেন সেবছরে ভর্তি হওয়া সকল পড়ুয়াদের যাথে যুক্ত হওয়ার সুযোগ। এমনকি কারো সাথে সরাসরি যুক্ত না থেকেও তাদের পাবলিক প্রোফাইলের ছবি, ভিডিও এবং স্টোরিগুলো দেখতে পাবেন অনায়াসেই। এতে করে ইনস্টাগ্রাম শুধুমাত্র ছবি কিংবা ভিডিও অন্যদের সাথে শেয়ার করার পাশাপাশি পড়ুয়াদের একটি কমিউনিটিতে পরিণত হবে বলেও দাবী ইনস্টাগ্রামের।
তবে সবার জন্য এখনই চালু হচ্ছে না ফিচারটি, ইনস্টাগ্রামের নতুন এই ফিচারটি এখনো ‘বেটা ভার্সনে’ সীমিত অঞ্চলে উন্মুক্ত করা হয়েছে। ইনস্টাগ্রামের দাবী অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের তথ্য আপডেট করার পর সেটির সত্যতা মিললে তবেই উন্মুক্ত হবে ফিচারটি, সেজন্য এখনো বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। পর্যবেক্ষণ শেষে খুব দ্রুতই ফিচারটি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। কিন্তু, যারা বর্তমানে আর পড়ুয়া নন নতুন এই সুবিধাটি তারা উপলব্ধ করতে পারবেন না বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।










