কলকাতা, তোমার ভুলে যাওয়া বহু পুরানো ভঙ্গুর অট্টালিকা, আজ দাঁড়িয়ে আছে জ্যোৎস্নায় ভেজা নিরিবিলি উত্তর কলকাতার গলির আঁধারে।
তোমার সন্ধ্যা আরতির ভেসে আসা কাঁসর ঘন্টার ধ্বনি এখনো যেন কানে বাজে ঠিক ৬টা বাজলে।
এই পরদেশে কোথাও যেন খুঁজে পাই তোমার গ্রীষ্মের সন্ধ্যার পাগল হাওয়া। এখানে দিগন্ত বিস্তৃত; ক্লান্ত সূর্য তবুও জেগে - হঠাৎ করে ঘুমের চাদরে ঢেকে যাবে।মেঘগুলি বলে কিছু নতুন গল্প, অজানা এক রাস্তার মোড়ের কাহিনী।
কলকাতা, তোমার রাতের নির্জনতার মধ্যে দিয়ে হেঁটে চলা ট্রামলাইন আজ সময়ের গতিতে স্তব্ধ।
চারমাথা মোড়ের দুমুখো ফুটব্রিজ এখনো রাস্তা বাতলে দেয় প্রতিদিনের পথযাত্রীদের। ক্ষণিকের দূরত্বে সুউচ্চ ক্লক টাওয়ার দাঁড়িয়ে প্রহর গুনছে।
কলকাতা, তুমি যে আপন মায়াজালে পরিপূর্ণ। জীবন এখানে থমকে নেই। আর থেমে থাকে না সময়।
চলার পথটি যেতে যেতে একটি বাঁক নিয়েছে। আরও বাঁক আসবে, আরও নতুন সব গল্প শোনাবে অজানা মেঘেরা। আমি যে সেই গল্পের ছোট্ট একটি খণ্ড, বিচ্ছিন্ন কিছু শব্দ মাত্র।
হেঁটে চলি এই ভেবে, এই গল্পের ঘন বর্ষায় হারানো কিছু ইচ্ছে বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়বে।
কলকাতা, খুঁজে পাই না এখানে তোমার শ্রাবণের জলরাশি আর মাটির সোঁদা গন্ধে লুকিয়ে থাকা মাতৃত্ব।
দুপুরের বৃষ্টির পরে ছুটে আসা হাওয়া যখন জাপটে ধরে, দূর থেকে ভেসে আসে কিছু পুরোনো সুর।
কলকাতা, যদি দূরেও চলে যাই - আরও দূরে - স্নেহের তাকে তুলে রেখ যত্নে, তোমার সুরের মাঝে আমার হারিয়ে যাওয়া ছেলেবেলাটি।
// Something I wrote in my first summer in college, while trying to find a piece of home in the horizon of the unknown land. //
Tagging some bengs who might be able to relate.. ?
@jukti-torko-golpo @wedarkacademia @mutton-biriyani @carpeposterum @theamoristwriter @bi-n-high-vibes @suhreal @anyotherbongs