বারেক টিলা
বারেক টিলা (Barek Tila) বা বারিক্কা টিলা (Barikka Tila) বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় ভারত সীমান্ত ঘেঁষে একটি দর্শনীয় স্থান। বারেক টিলা (Barek Tila) এর একপাশে বাংলাদেশের সীমান্ত, অপর পাশে ভারতের মেঘালয়, খাসিয়া পাহাড়। বারিক টিলাতে ৪০ টির মত আদিবাসীদের পরিবার বসবাস রয়েছে। এই এলাকায় ৩৬৫ একর জায়গাজুড়ে রয়েছে বিভিন্ন রঙ-বেরঙের নানা প্রজাতির গাছপালা। সবুজে মোড়া উঁচু এই বারেক টিলা, এর একপাশে পাহাড়, অন্যপাশে স্বচ্ছ জলের নদী। বারেক টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ-পাহাড়ের খেলা। হাওর-নদী-পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পে।










