ক্রামচপ
ধরুন আপনি বাংলাবাজার গিয়েছেন। বই কিনবেন, নতুন বইয়ের গন্ধ শুঁকবেন- সে উদ্দেশ্যেই যাওয়া। গিয়েছেন একটু সকাল সকালই। এই প্রকাশনি থেকে ওই বুকস্টলে ঘুরছেন। বাহ্যজ্ঞান হারিয়ে পাতার পর পাতা উলটে যাচ্ছেন। দোকানির সাথে ধস্তাধস্তি করে যাচ্ছেন বইয়ের দাম কমানোর জন্য।
একসময় হঠাৎ ঘড়িতে চোখ পড়বে। হায় হায়... বারোটা বেজে গেছে? আপনার তো নাস্তাটাই ঠিক মতো করা হয়নি! তো কি আর... সোজা মার্কেট থেকে বেরিয়ে ক্রামচপের রেস্তোঁরায় গিয়ে বসবেন। কী?? ক্রামচপের নাম শোনেননি...??? বাংলাবাজার এসে যে এই ক্রামচপের... আস্বাদ গ্রহণ করেনি, তার মানবজন্মই বৃথা...
রেস্টুরেন্টে গিয়ে আপনি হাঁক দেবেন, ক্রামচপ একটা... মেন্যুতে আরও অনেক রকম চপের নাম লেখা আছে, তা থাক- আজকে শুধু ক্রামচপই চলুক... মিনিট খানেকের মধ্যেই আপনার সামনে প্লেটে করে আনা হবে গরম চিড়বিড় করা ক্রামচপ। উপরে বিস্কিটের গুঁড়া দিয়ে ভেজে ক্রিসপ করা। আয়তনে আপনার হাতের তালুর সাইজ, যদি আপনার পুরুষালি সাইজের পাঞ্জা হয়!
আশ্চর্য হয়ে আবিষ্কার করবেন- আপনাকে দুই পিস টাটকা পাঁউরুটির টুকরা দিয়ে গেছে! বাংলাদেশে আর কোথাও চপের সাথে প্যাকেজ হিসেবে পাঁউরুটি সাপ্লাই করা হয় কিনা আমার জানা নেই! আর আছে সালাদ, পেঁয়াজ-শসা-মরিচের মাখানি; সিরকার দিয়ে চুবানো। হাতে ঘষা দিয়ে আপনি শুরু করলেন। চামচে ভেঙে একটু মুখে দিলেন- প্রথমেই ক্রিসপ একটা ভাব। কিন্তু তারপরেই অনুভব করবেন মাখনের মতো মোলায়েম এর অন্তর্ভাগ! তাতে আলুর স্পর্শ পাবেন, নাকে টের পাবেন সরিষার হালকার ধাক্কা, জিভে লাগবে গুঁড়া গোলমরিচের অস্তিত্ব, আর অদ্ভুত ঘ্রাণের মাটনের সোয়াদ! আশেপাশের সবার দেখাদেখি সফেদ পাঁউরুটিতে দেবেন একটা সরস কামড়, গাপুস-গুপুসের গোলমালে মুখে ঢুকিয়ে দেবেন একটু সিরকা মাখানো সালাদ! আর শেষবেলায় মাটনের হাড় চাবানোর সময় তৃপ্তিতে আপনার চোখ বন্ধ হয়ে আসবে, গ্যারান্টি! এই চপের সাথে পাঁউরুটি যে একেবারে মানিকজোড়, সেটা আপনি এতক্ষণে টের পেয়ে গেছেন।
বিচক্ষণ ওয়েটার ততক্ষণে টের পেয়ে গেছে, উত্তম খাদ্যের আপনি একজন পাক্কা সমঝদার। প্লেট শেষ করার আগেই হাজির কড়কড়ে ভাজা আরেকটা ক্রামচপ! আমি তিনটা পর্যন্ত আগাই, আপনি কদ্দূর যাবেন সেটা আপনার বিবেচনা।
আশেপাশে তাকিয়ে দেখবেন সেদ্ধ আলুর গোডাউন দিয়ে বসেছে বাবুর্চিরা! একজন সেখান থেকে গম্ভীর মুখে আলু ছিলে যাচ্ছেন, আরেকজন এইবড় গামলা দিয়ে পিষে যাচ্ছেন সোনালি রঙের সুখ! আপনি ততোক্ষণে ঠাণ্ডা পেটে গরম মালাই চায়ে চুমুক দিচ্ছেন। আশেপাশে শোনা যাচ্ছে প্রেসের ঘটাং ঘটাং আওয়াজ, বাতাসে নতুন বইয়ের মলাটের গন্ধ, আশেপাশে সব বই নিয়ে আলাপ আর আপনার চারদিকে ক্রামচপের মহোৎসব!
বেঁচে থাক বাংলাবাজার... :)













