ফেসবুক আইডি সুরক্ষিত রাখার উপায়
বর্তমান সময়ে ফেসবুক আমাদের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের তিন বেলা যেমন খাবার খাওয়া জরুরি তার চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে ফেসবুক। সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত শত ব্যস্ততার মাঝেও আমাদের কিছু সময় ফেসবুক কেড়ে নিয়ে থাকে। আবার অনেকেই এই ফেসবুককে নিজের উপার্জনের স্থান হিসাবে বেছে নিয়েছে। ফেসবুক আমাদেরকে সবার সাথে যোগাযোগের সহজ একটা রাস্তা বের করে দিয়েছে, কিন্তু যে জিনিসের সুবিধা যতবেশি তার ঝুঁকি ও ততবেশি। কারণ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই মাধ্যমের মধ্য দিয়ে একে অপরের সাথে শেয়ার করে থাকি। আর হ্যাকাররা এসব তথ্য সংগ্রহ করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। সামান্য ভুলেই এসব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।এজন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কতটা নিরাপদ, তাও ভাবনার বিষয়। তাই আজ আমি আপনাদের সাথে ফেসবুক আইডি নিরাপদ রাখার কয়েকটা উপায় শেয়ার করলামঃ
১। নিজের সঠিক তথ্য ব্যবহার করুনঃ ফেসবুক আইডিতে আপনার বাস্তব নাম ব্যবহার করুন। আজগুবি নাম এড়িয়ে চলুন।
২। লগ-ইনঃ বিভিন্ন সময় অন্য কারো ডিভাইসে ফেসবুক আইডি লগ-ইন করার প্রয়োজন হয়। কাজ শেষে অনেকেই লগআউট করতে ভুলে যায়। এতে আইডির সুরক্ষা নষ্ট হতে পারে। অন্য ডিভাইসের লগ-ইনে ভুলেও পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করবেন না। ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড বের করা খুব সহজ ব্যাপার। প্রতিদিন আপনার ফেসবুক আইডির এক্টিভিটি চেক করুন। অজানা কোন ডিভাইসে আপনার আইডি লগ-ইন থাকলে তা সাথে সাথে লগ-আউট করে দিবেন।
৩। টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুনঃ টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমে কেউ ফেসবুক আইডিতে লগইন করলে আপনার নাম্বারে/ইমেইলে একটি কোড আসবে। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও লগইন করতে পারবে না। তাই এই নিয়ম চালু রাখুন।
৪। লিংক ভিজিটঃ হ্যাকিং এর জনপ্রিয় একটা মাধ্যম হলো ফিশিং লিংক, এজন্য লোভনীয় লিংক ভিজিট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওইখানে ইমেইল/নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ড চলে যাবে। সুতরাং আইডি সুরক্ষিত রাখতে অজানা লিংকে ভিজিট থেকে বিরত থাকুন।
৫। অপরিচিত বন্ধু না রাখাঃ ফেসবুকে আমরা আমাদের নিজেদের তথ্য শেয়ার করে থাকি। অনেক সময় ভুল করে ফেসবুকের বন্ধুর তালিকায় আমরা অপরিচিত ব্যক্তিদের যুক্ত করে থাকি। এতে আপনার আইডি নিরাপত্তাহীনতায় থাকে। তাই অপরিচিত বন্ধু বানানো থেকে দূরে থাকুন। প্রোফাইল লক করে রাখুন।
৬। কঠিন স্তরের পাসওয়ার্ড ব্যবহার করুনঃ দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে আইডি ক্ষতির মুখে নিজেরাই রেখে থাকি। তাই নিজের নাম, জন্ম তারিখ, রোল ইত্যাদি দিয়ে পাসওয়ার্ড রাখবেন না। কঠিন পাসওয়ার্ড রাখুন। পাসওয়ার্ড তৈরির সময় ছোট হাতের-বড় হাতের অক্ষর, বিভিন্ন সিম্বল (যেমন @ # ৳ % *) এবং সংখ্যা ব্যবহার করুন। উদাহরণঃ MrRoy@@#%mAn56% কারো সাথে নিজের ফেসবুক পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। এতে করে আইডির সুরক্ষা বাড়বে।