নবনীতা দেবসেনের দেহাবসান
New Post has been published on https://sentoornetwork.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8/
নবনীতা দেবসেনের দেহাবসান
বিশেষ সংবাদদাতা : বিশিষ্ট সাহিত্যিক নবনীতা দেবসেন (১৯৩৮-২০১৯) চলে গেলেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর হিন্দুস্তান রোডের “ভালোবাসা” বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন ধরে তিনি ক্যান্সারের অসুখে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৫৯ সালে নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং ১৯৭৬ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের দুটি মেয়ে রয়েছে। অন্তরা ও নন্দনা দেবসেন। নবনীতার জন্ম কলকাতায়। মায়ের নাম রাধারানি দেবী ও নরেন্দ্রনাথ দেব। বাবা ও মা দুজনই সাহিত্যিক। সাহিত্যের ঘরানার মধ্যে বড় হয়ে ওঠা তাঁর। স্বাভাবিকভাবেই তাঁর মধ্যেও প্রতিভার স্ফূরণ হয়। একাধারে কবি, প্রবন্ধকার, গদ্যকার ও ভ্রমণকাহিনি লিখে প্রচুর সুনাম কুড়িয়েছেন। পদ্মশ্রী ও সাহিত্য আকাদেমি পুরস্কার পান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা করেছেন। বিদেশেও পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগৎ তৈরি করে নেন সহজাত ক্ষমতায়। শেষ দিন পর্যন্ত তিনি কাজের মধ্যে থেকেছেন। এবারে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসে তাঁর বাড়িতে গিয়ে গল্প করেছেন। নবনীতার মৃত্যুতে সাহিত্য জগতে ও অনুরাগী মহলে শোকের ছায়া নামে। আজ রাতে বাড়িতেই তাঁর মরদেহ শায়িত থাকবে। আগামীকাল শেষকৃত্য হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় জানান, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৮১ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য গল্প, কবিতা, রম্যরচনা ও উপন্যাসের স্রষ্টা নবনীতা দেবসেন পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি, কমলকুমারী জাতীয় পুরস্কারে ভূষিত হন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করতেন। তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল।আমি নবনীতা দেবসেনের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।


















