বিশেষ সংবাদদাতা : নাগরিকত্ব সংশোধনী আইন করার পর এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হচ্ছেন শুক্রবার। দুজনের মধ্যে একান্ত বৈঠকের সম্ভাবনা থাকলেও তৃণমূলের তরফে এ নিয়ে একেবারে স্পিকটি নট। তবে দু জনের বিশেষ কারণে একান্ত সাক্ষাৎকার হতে পারে বলে জানা গেছে। এর অাগে দিল্লিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকা হলেও তিনি যাননি। এ বার ওডিশায় গোড়ার দিকে তাঁর যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া হলেও পরে সিদ্ধান্ত বদল করে তিনি ভুবনেশ্বর গেছেন। মঙ্গলবার তিনি ভুবনেশ্বরে পৌঁছান। গতকাল পুরীর মন্দিরে পুজোও দেন।
অমিত শাহের সঙ্গে তৃণমূল নেত্রীর প্রস্তাবিত বৈঠক নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী টুইট করে বলেছেন, দিল্লিতে আগুন জ্বলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নিন্দা করেননি। অমিত শাহের সঙ্গে বৈঠকে বিজেপি ও তৃণমূলের টেবিলের তলায় সমঝোতা হতে চলেছে? তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের সঙ্গে কাজ চালানোর মতো বোঝাপড়া করে চলতে হয় বলেই গেছেন মুখ্যমন্ত্রী। নেত্রীর কাছে রাজ্যের উন্নয়নই শেষ কথা। না গেলেও বিরোধী পক্ষ কটাক্ষ করতে ছাড়ে না বলে জানান এক তৃণমূল নেতা। রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
গত জানুয়ারিতে কলকাতা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এদিন ভুবনেশ্বরে তিনি ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শুক্রবার ভুবনেশ্বরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে। ওডিশা, বিহার পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ছত্তিসগড় এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের সমস্যা ও মাওবাদী তৎপরতা দমনে ব্যবস্থা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে এই বৈঠকে।