নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র-রাজ্য নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। বিধানসভায় নতুন লাইব্রেরি সহ প্রদর্শনী ভবন কাজ আটকে গেছে। চিঠি পাঠিয়ে বন্ধ করার নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ।
সূত্রের খবর, দিল্লি থেকে গত সপ্তাহের শেষ এবিষয়ে চিঠি এসেছে বিধানসভার সচিবালয়ে। সেই নিয়ে বিধানসভায় বাড়ানো হল নিরাপত্তা।
সব গেট বন্ধ করে একটি মাত্র গেট খোলা রাখার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। যদি, সেনার তরফে কোনও প্রতিনিধি দল আসে তার জন্য বাড়তি সতর্কতা বিধানসভায়। যদিও পুরো বিষয় নিয়ে কুলুপ এঁটেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি।
বিধানসভা সেনার এলাকার মধ্যে পড়ে। সেখানে কোনও স্থায়ী নির্মাণ করতে হলে সেনার অনুমতির দরকার। কিন্তু অভিযোগ , সেনাকে না জানিয়ে কোনও অনুমতি ছাড়াই বিধানসভা চত্বরে এই নতুন ভবন তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার। প্রায় দু বছর ধরে এই লাইব্রেরি এবং মিউজিয়াম ভবন তৈরির কাজ চলছে। গত সপ্তাহের শেষে সেনার চিঠি এসে পৌঁছায় বিধানসভা সচিবালয়ে। কেন সেনাকে না জানিয়ে নির্মাণ সেই প্রশ্ন তুলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় ভারতীয় সেনা। তারপর গত তিনদিন ধরে এই ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।
সূত্রের খবর, সেনার তরফে বলা হচ্ছে বিধানসভা সেনার হলুদ জোনের মধ্যে পড়ে, সেখানে কোনও নির্মাণ করতে গেলে অনুমতির দরকার , কিন্তু কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। সূত্রের খবর, কিছুদিন আগে সেনার তরফে প্রতিনিধিও এসে কাজ বন্ধ করতে বলে যায়।
যদিও বিধানসভার অপর একটি সূত্রে খবর, বিধানসভা ছুটির পর গত সপ্তাহে সেনা তরফে তিন-চারজন এসে এখানে নতুন ভবন তৈরির কাজ কেন হচ্ছে কেন সেনাকে না জানিয়ে নির্মাণ এইসব এখানকার কর্মীদেরকে জিজ্ঞাসা করেন। তারই প্রেক্ষিতে বিধানসভার অনুমতি না দিয়ে কেন বিধানসভার কর্মচারীদের এরকম জিজ্ঞাসাবাদ করা হলো সেই কারণেই সেনার বিরুদ্ধে পাল্টা হেয়ার থানায় এফআইআর করা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। এই ঘটনায় সেনার বিরুদ্ধে হেয়ার স্ট্রেট থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে বিধানসভা সচিবালয়।
বিধানসভার এই নতুন ভবন তৈরির কাজ ফের শুরু করতে বলা হয়েছে বিধানসভার তরফে। ধীরে কাজ করতে বলা হয়েছে। এই ভবন তৈরির কাজ করছে পিডব্লিউডি , সেখানে আজ পিডব্লিউডির তরফে সেনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে । পারস্পরিক সমঝোতার চেষ্টা চলছে।