কবিতার শব্দেরা একদিন সশরীরী হবে
কবিতার শব্দেরা একদিন সশরীরী হবে
তারা মোহিনী বা সর্পিনী অবয়ব পাবে ,
সূর্য ছড়াবে পাণ্ডুর জ্যোৎস্না- দাবদাহ শেষে!
প্রেমহীন থাকবেনা পৃথিবী আর,
অপঘাতে লেলিহান ফুয়ারা ছড়াবে না যত্রতত্র।
লখিন্দরের ঘুমে বেহুলারা অপয়া হলে -
স্বপ্নের বদ্ধভূমিবাসিনী স্বৈরিণী হবেই !
তাই, কবিতারা একদিন প্রতিবাদী হবে
তারা শুধু রমণীয়ই থাকবেনা আর ;
মোহিনী-সর্পিনীরাই বর্ম হয়ে উঠবে এবার।
সর্পিনী অধরে দেবে বিষাক্ত ছোবল-
শাব্দিক প্রেয়সী সর্বাঙ্গ জড়াবে আমার-
তুমুল তুলপাড়ে দ্রোহ ও প্রেমের মেলবন্ধন ঘটাবে।
আমি জন্ম-জন্মান্তরের বেদে হবো,
কবিতাকে বশীকরণ মন্ত্র বানিয়ে-
অমোঘ প্রেমের তাবিজ বেচবো হাটে-মাঠে-ঘাটে।