সুরশ্রী রায় চৌধুরী: শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পুজোর পরে সমাবেশ করবে বিজেপি। শনিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির পাশে বসেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। পুজোর পর এ রকমই প্রায় এক লক্ষ মানুষকে কলকাতায় নিয়ে আসবেন তিনি। তাঁরা জানাবেন নিজেদের ক্ষোভ।শুভেন্দুর অভিযোগ, রাজ্যে এক লক্ষ ভুয়ো জব কার্ড হোল্ডার রয়েছে। সেই জব কার্ড দেখিয়ে ১০০ দিনের কাজে কেন্দ্রের বরাদ্দের টাকা নয়ছয় হয়েছে। এ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির দফতরে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু।সেক্টর ফাইভে বিজেপির দফতরে বসে শুভেন্দু জানিয়েছেন, বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার অধিকার থাকলেও তাঁরা বঞ্চিত হয়েছেন। পরিবর্তে অবসরপ্রাপ্ত শিক্ষক, চাকরিপ্রাপ্তদের কেন্দ্রীয় প্রকল্পের টাকায় বাড়ি পাইয়ে দিয়েছে তৃণমূল। যাঁরা ‘বঞ্চিত’ হয়েছেন, পুজোর পর তাঁদের কলকাতায় এনে জমায়েত করতে চান। ওই মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি।