পুরভোটে কাঠি, মহিলা সংরক্ষণ তালিকা প্রকাশ
New Post has been published on https://sentoornetwork.com/civic-poll-preparation-initiated/
পুরভোটে কাঠি, মহিলা সংরক্ষণ তালিকা প্রকাশ
বিশেষ সংবাদদাতা : রাজ্যের পুরসভা ভোটের দামামা বেজে গেল। নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও এপ্রিলের মাঝামাঝি ভোট হতে পারে ধরে নিয়েই দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই নির্বাচন কমিশন দিন ঘোষণা করবে। রাজ্য নির্বাচন কমিশন ৯৩টি পুরসভায় মহিলা ও তফসিল আসনের সংরক্ষণ তালিকা প্রকাশ করল শুক্রবার। ১, ৩,৬ এই ফর্মুলা মেনে আসন সংক্ষণ করা হয়েছে। সংক্ষণের কোপে পড়ার আশঙ্কায় বহু তৃণমূল কাউন্সিলের রাতের ঘুম উধাও হয়ে গেছে। কলকাতা পুরসভার তালিকাও প্রকাশ করা হয়েছে। ১৪৪টি আসনের মধ্যে এক তৃতীয়াংশ সংরক্ষণের আওতায় পড়েছে। ৪৫ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এছাড়া রয়েছে তফসিল জাতি উপজাতির জন্য ৮টি আসন। সেই তালিকা অনুযায়ী চার মেয়র পারিষদ এবার আর দাঁড়াতে পারবেন না যদি না অন্য ওয়ার্ডে টিকিট পান। এই দলে পড়েছেন স্বপন সমাদ্দার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রতন দে ও দেবব্রত মজুমদার। ১০৭ নম্বর ওয়ার্ডের সুশান্তকুনার ঘোষও পড়েছেন সংরক্ষণের কবলে। তৃণমূল নেতারা সবাই প্রকাশ্যে জানিয়েছেন তাঁরা দলের অনুগত সেনা। দলীয় নির্দেশ মেনে চলবেন। দিদি যেমন বলবেন সেই মতো কাজ করবেন। জানা গেছে, যাঁরা দাঁড়ানোর সুযোগ পাবেন না তাঁদের পরিচিত মহিলাকর্মী টিকিট পেলে তাঁর হয়ে কাজ করবেন।
৩১ মার্চের মধ্যে কাজ শেষের নির্দেশ : আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে হবে। এই মর্মে কলকাতা সহ সমস্ত পুরসভাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুরসভার নির্বাচন। এর পরেই অন্যান্য পুরসভাগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচনের আগেই তাই উন্নয়নমূলক কাজগুলো শেষ করতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তর পুরসভার উন্নয়নমূলক কাজের জন্য ধার্য করেছে ৮ হাজার কোটি টাকা। যার মধ্যে ৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। রাস্তা, পানীয় জল, আবাস যোজনা সহ বেশ কিছু প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।










