পৃথিবী নামের এই ক্ষুদ্র গ্রহটিকে কখনো কখনো খুব / পূর্বপুরুষের ভিটে-বাড়ি বলে মনে হয়। / তখন আনন্দে মন ভরে ওঠে, আহা কী যে ভালো লাগে! / গর্বে আমার পা পড়ে না মাটিতে। / সমুদ্র দেখিয়ে বলিঃ 'এই যে গর্জনশীল মহাসিন্ধু বয়ে যাচ্ছে / তরঙ্গ বিহারে, তার আপন স্বভাবে - এসব আমার।' / রাতের নির্জন আকাশ দেখিয়ে বলি - 'এই যে নক্ষত্রপুঞ্জ / অনাবৃত মহাকাশে ঝুলে আছে, - এগুলো আমার।' / পৃথিবীর উচ্চতম পর্বতপশৃঙ্গের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলিঃ / 'অফসেট নীলে মোড়া ঐ যে তুষারে আবৃত চূড়া দেখা যায়, / ওখানে আমার স্বপ্ন চঞ্চল প্রপাতে বহমান।' / উদিত সূর্যের দিকে দু’হাত উঁচিয়ে বলিঃ / 'এই তো আমার দেশ, আমার জন্মভূমির শুরু, / দিন শেষে সে যেখানে অস্ত যাবে, সেখানে আমার শেষ।' / আপাতত এটুকু আমার হোক, পরে না হয় আবার / আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে আমি / অন্তহীন আকাশে পাঠাবো। আপাতত সূর্য হোক / আমার জন্মভূমির ভৌগলিক সীমান্ত প্রহরী। / আকাশ মৃত্তিকা ঘেরা এ-পৃথিবী দয়াবতী জননী আমার। / তার গর্ভদেশ পড়েছে বঙ্গীয় কাশবনে, তাই তাকে / ভালোবেসে বলি জন্মভূমি - বলি আমার স্বদেশ। / জননী কি গর্ভস্থলটুকু শুধু? জননী কি শুধুই জরায়ু? / - জননী সমস্ত দেহ, তার আপাদমস্তক। / জানি, জন্ম আর জন্মভূমি - এ দু’য়ের ফাঁক দিয়ে / প্রবেশ করেছে বৈরী কালের বাতাস, তাই শ্রেণীদ্বন্দ্বে / খন্ডিত হয়েছে পৃথ্বী এত খন্ড-খন্ড রূপে। / এই দ্বন্দ্ব ঘুচে গেলে পর আবার সম্পূর্ণরূপে, / মহামানবের পূণ্যতীর্থে জাগিবেন জন্মভূমি, জননী আমার। / সপ্তসিন্ধু তের নদী, দশদিগন্তের ডাকে আবার নতুন করে / ফিরে পাবো জনারণ্যে হারানো সে মাকে। / সাদা-কালো, শ্যামল-পিঙ্গল, দীর্ঘ-খাটো সকল মানুষ / সেদিন আবার এসে এক কাতারে দাঁড়াবে। / সেই মহামিলনের ভোরে সমস্ত পৃথিবী জুড়ে উঠবে নতুন সূর্য, / এককন্ঠে গীত হবে শতকোটি কন্ঠের সঙ্গীত। / সেই সব ভৌগলিক শিখার আগুনে ভস্ম হবে পুরানো প্রাচীর। / তখন এশিয়া মিলবে আফ্রিকার সনে, ভূমিহীন উপেনের মনে / যুক্ত হবে লুমুম্বার প্রাণ, প্রসারিত হবে জন্মভূমিঃ / সর্বত্র ধ্বনিত হবে নতুন পৃথিবীজোড়া গান। . . . . . - নির্মলেন্দু গুণ (পৃথিবীজোড়া গান) . . . . . #oneearth #blm #life #nature #lake #water #hike #hill #rock #green #forest #trees #beauty #earth #day #sunny #sky #blue #summer #travel (at Devil's Lake State Park) https://www.instagram.com/p/CBZbuL9DDn6/?igshid=1hi8iwz2yuks4