-:অযাচিত উপদেশ প্রদান: আত্মরক্ষার অন্তরায়:-
মানুষের মন যেন অনেকটা নদীর মতো, বাহ্যিকভাবে স্থির, কিন্তু ভিতরে বহমান অজস্র স্রোত। সেখানে হঠাৎ যদি কেউ পাথর ছুঁড়ে দেয়, সেই মনে আলোড়ন ওঠে, ব্যথিত হয়। অযাচিত উপদেশও ঠিক তেমন এক পাথর—যা নিক্ষিপ্ত হয় শ্রদ্ধা, স্নেহ, মমত্ব বোধের নামে, দায়িত্ববোধের নামে, কিংবা আত্মীয়তার অজুহাতে। অথচ, এই "উপদেশ নিক্ষেপকারী" জানে না যে তার নিজের অস্তিত্বই হয়তো এতে বিপন্ন হতে চলেছে।
প্রায়শই উপদেশ আত্মঘাতী হয়ে ওঠে!
উপদেশ, যদি না চাওয়া হয়, তবে তা অনেকটা অযাচিত ছায়ার মতো—যা সূর্যের আলোকরুদ্ধ করে। যিনি উপদেশ দেন, তাঁর উদ্দেশ্য ভালো হলেও, অপর পক্ষ যদি সেটি গ্রহণ করতে না প্রস্তুত থাকে, তবে উপদেশ হয়ে দাঁড়ায় এক ধরণের আঘাত। সেই আঘাতের পরিণাম হয় প্রতিক্রিয়া—রাগ, অবহেলা, ব্যঙ্গ, এমনকি সম্পর্কচ্যুতি।
এই প্রতিক্রিয়ার ফলেই উপদেশদাতার আত্মরক্ষায় প্রশ্ন চিহ্ন সেঁটে যায়!! তিনি হয়তো বলেছিলেন শুভবোধ থেকে, কিন্তু ফিরলেন অপমান নিয়ে। এই অপমান কখনো নীরব, কখনো প্রকাশ্য। ফলত, উপদেশদাতা নিজেই হন মনস্তাত্ত্বিক যন্ত্রণা ও অস্বস্তির শিকার "ভুল করলাম", "বেশি বলে ফেললাম", "আমাকে ভুল বুঝল" ইত্যাদি, প্রভৃতি অপরাধবোধের স্রোতে তিনি হারিয়ে যান। এমনকি সামাজিকভাবে তার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হতে পারে।
তাই চুপচাপ থাকাটা এক শক্তিশালী আত্মরক্ষা তা মানতেই হবে।
প্রাচীন চীনা দার্শনিক লাওৎসে বলেছিলেন, “যে জানে, সে বলে না; আর যে বলে, সে জানে না।” এর মূলে রয়েছে এক আশ্চর্য সত্য—শব্দ অনেক সময় অবগতির অন্তরায় হযে দাঁড়ায়। অযাচিত উপদেশ এক অনাহুত শব্দ—যা একে অপরের অভ্যন্তরে আঘাত হানে।
যিনি নিশ্চুপ থাকেন, তিনি নিজের মনের ভারও রাখেন আবার অপরের মনেও আঘাত করেন না। চুপ থাকা মানে কিন্ত দুর্বলতা নয়—বরং তা আত্মরক্ষার এক প্রাচীন শৈলী। উপদেশ না দিয়ে, দূরে দাঁড়িয়ে থাকার যে সংযম, তা অনেক সময়ই একজন জ্ঞানীর প্রজ্ঞার প্রকাশের পরিচয়। নিজেকে অক্ষত রাখতে, সম্পর্ককে অটুট রাখতে, মৌনতা অনেক সময় উত্তম পন্থা।
উপদেশ চাইলে উপহার, না চাইলে কিন্ত বোঝা।
জীবনের প্রতিটি পর্বে মানুষ কিছু না কিছু ভুল করে, শেখে, ভূপাতিত হয়, উঠে দাঁড়ায়। সেই শেখার ভিতরেই লুকিয়ে থাকে তাঁর আত্ম-উন্নয়নের বীজ। উপদেশ শুধুমাত্র তখনই ফলপ্রসূ হয়, যখন সেই মানুষ নিজে জানতে চায় যে "আমি কী করব?" তখন উপদেশ হয়ে ওঠে আলো, পথপ্রদর্শক। কিন্তু সে প্রশ্ন না থাকলে, উপদেশ রূপান্তরিত হয় কটূক্তিতে, অথবা অহংকারের প্রকাশে; যা আত্মসম্মানের উপর হস্তক্ষেপ বলে মনে হয়।
আর সেখানেই আসে বিপদ। যিনি উপদেশ দিলেন, তিনি হয়ে উঠলেন "জ্ঞান ফলানো" এক চরিত্র। সমাজ, পরিবার, বন্ধু, সর্বত্র এই চরিত্রটি ধীরে ধীরে একঘরে হয়ে যায়।
প্রজ্ঞার পরীক্ষা তো কখনো শব্দে দ্বারা হয় না।
উপদেশ দেওয়ার আগে ভাবা দরকার যে আমি কি শুধু নিজের বলার তাগিদে বলছি? নাকি আমি সত্যিই অপর পক্ষের চাওয়া বুঝতে পেরে তাকে সহায়তা করতে চাইছি?
অযাচিত উপদেশ দিয়ে অনেক সময় আমরা নিজেদের অজান্তেই নিজেদের শত্রু তৈরি করে ফেলি। মুখে বলা খুব সহজ “ভালো চেয়েছিলাম”, তাহলে উপদেশ গ্রহণ কারী কেন আজ আর কথা বলে না??” তাহলে ,আলবৎ বুঝতে হবে, উপদেশের পাত্রটি প্রস্তুত ছিল না।
এই প্রস্তুতির অনুপস্থিতিতে, উপদেশ হয়ে ওঠে আত্মঘাতী অস্ত্র। এবং যিনি তা ব্যবহার করেন, তার আত্মরক্ষার দুর্গ ধ্বসে পড়ে এক অজানা ঝঞ্ঝায়।
✍️ সন্দীপ মুখোপাধ্যায়
ছবি : Open AI















