নিজস্ব সংবাদদাতা : পূর্ব কলকাতার একটি বারে এক পানশালার গায়িকার সঙ্গে অশালীন আচরণ এবং উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেফতার হয়েছে তিন যুবক। ধৃতরা হল চন্দন শ্রীবাস্তব, বিশ্বজিৎ দে এবং বিষ্ণু সিংহ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পার্কসার্কাস এলাকার একটি বারে গান গাইছিলেন এক বার সিঙ্গার। ওই গায়িকার অভিযােগ, দীর্ঘ সময় ধরেই ওই তিন যুবক তাঁকে বিরক্ত করছিল। প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না দিলেও রাত বাড়তেই এই তিন জনের বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ওই সিঙ্গারের সঙ্গে ফোন নম্বর চাইছিল এবং কুপ্রস্তাব দিচ্ছিল বলে অভিযােগ। ক্রমাগত চলতে থাকা এই উপদ্রবের কারণে শেষপর্যন্ত বার কর্তৃপক্ষই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। সিঙ্গারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে তিন যুবককে। একইসঙ্গে পুলিশ জানিয়েছে , আইন মেনে ওই সিঙ্গিং বারটি চলছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। সংশিষ্ট কোনও দফতর থেকে বারটি কোনও অনুমতি নিয়েছিল কিনা তাও দেখা হচ্ছে।